নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

‎বন্দরে চারটি কোরবানির পশুর হাট পাশাপাশি, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৫:২০, ৯ মে ২০২৬ | আপডেট: ১৭:০৭, ৯ মে ২০২৬

‎বন্দরে চারটি কোরবানির পশুর হাট পাশাপাশি, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

বন্দরে এবার কোরবানির পশুর অস্থায়ী হাটকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলার আওতাধীন মোট চারটি পশুর হাট প্রায় একই এলাকায় স্থাপন করায় স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, যানজট ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে।
‎
‎হাটগুলো হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে শীতলক্ষ্যা ব্রিজের নিচের খালি জায়গা, পাওয়ার হাউস সংলগ্ন খালি জায়গা, ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা উত্তরপাড়া বালুর মাঠ, এবং বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন ঐতিহাসিক ফরাজিকান্দা বালুর মাঠ।
‎
‎এর মধ্যে তিনটি হাট সিটি কর্পোরেশনের আওতাধীন এবং একটি বন্দর উপজেলার অধীনে পরিচালিত হবে। চারটি হাটই একই প্রবেশ ও চলাচলের পথ ব্যবহার করায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা গরুর ব্যাপারীদের মধ্যে বিভ্রান্তি ও প্রতিযোগিতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
‎
‎স্থানীয়দের অভিযোগ, এতগুলো হাট কাছাকাছি হওয়ায় ইজারাদার ও তাদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে পশুবাহী ট্রাকের অতিরিক্ত চাপ সৃষ্টি হলে শীতলক্ষ্যা ব্রিজ ও আশপাশ এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
‎
‎খোঁজ নিয়ে জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন ঐতিহাসিক ফরাজিকান্দা বালুর মাঠের পশুর হাটটি বহু বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী। প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা এই হাটে গরু নিয়ে আসেন এবং স্বাচ্ছন্দ্যে বেচাকেনা করেন। দীর্ঘদিন ধরে এটি বন্দরের অন্যতম বড় ও পরিচিত কোরবানির পশুর হাট হিসেবে পরিচিত।
‎
‎তবে এবার ওই ঐতিহ্যবাহী হাটের পাশেই নতুন করে আরও দুটি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। অতীতে যেখানে বন্দর উপজেলা ও সিটি কর্পোরেশনের দুটি হাট ছিল, সেখানে এবার নতুন করে আরও দুটি হাট যুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
‎
‎এলাকাবাসীর দাবি, অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত হাট স্থাপন করলে পশু বিক্রি বাড়বে এমন নিশ্চয়তা নেই। বরং এতে পরিবেশের সৌন্দর্য নষ্ট, জনদুর্ভোগ বৃদ্ধি এবং স্থানীয়দের মধ্যে সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। তারা পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন