শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৪:৪৮, ১১ মে ২০২৬ | আপডেট: ১৪:৪৮, ১১ মে ২০২৬
নারায়ণগঞ্জ ফতুল্লায় কুতুবপুর লাকি বাজার এলাকায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- আব্দুল কাদির (৫০), তার ছেলে মো. মেহেদী (১৭), মো. সাকিব (১৬) ও মো. রাকিব (১৬) (২৫ শতাংশ)। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ছয়টার দিকে শওকত আলী গাজীর মালিকানাধীন ভাড়াটিয়া আব্দুল কাদিরের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশাচালক। তার ছেলেরা পেশায় হালিম ও চটপটি বিক্রেতা।
স্থানীয়রা জানান, বাড়িটির পাশ দিয়ে গ্যাসের লাইন গেছে এবং সেখানে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল। সেই গ্যাস ঘরের ভেতরে জমে চেম্বারের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের কেউ কেউ প্রাথমিকভাবে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের আশঙ্কার কথাও জানিয়েছেন।
প্রতিবেশী মো. ফারুক জানান, বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের ভেতরে বাবা ও তার তিন ছেলেকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আহত চারজনই হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি গ্যাসের বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে।