শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৫০, ১৯ মে ২০২৬ | আপডেট: ২৩:৫৭, ১৯ মে ২০২৬
বন্দর উপজেলা পরিষদের একমাত্র পাবলিক টয়লেটটি দীর্ঘ দিন ধরে চরম অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও তদারকির অভাবে টয়লেটটি এখন নোংরা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে, যা সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী। এর ফলে সৃষ্টি হওয়া উৎকট গন্ধে উপজেলা পরিষদে আসা সাধারণ মানুষ ও সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, টয়লেটটির ভেতরের ফ্লোর (মেঝে) থেকে শুরু করে পানির কল এবং বেসিনসমূহ ভেঙেচুরে একাকার হয়ে আছে। দীর্ঘদিন সংস্কার না করায় ময়লা-আবর্জনা জমে পুরো এলাকায় এক নরককুণ্ডের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে উপজেলা পরিষদে বিভিন্ন দাপ্তরিক কাজে আসা সাধারণ মানুষের জরুরি প্রয়োজনে প্রকৃতির কাজ সারার মতো বিকল্প কোনো ব্যবস্থা এখানে নেই। ফলে বাধ্য হয়ে অনেককেই এই চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের মধ্যেই নাক চেপে ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ সেবাগ্রহীতাদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
উপজেলায় আসা একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের পাবলিক টয়লেটের যদি এই নর্দমার মতো অবস্থা হয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? দুর্গন্ধের কারণে এর পাশ দিয়ে হেঁটে যাওয়াই দায়, ব্যবহার করা তো দূরের কথা।”
এই চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং সমস্যাটির স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য ভুক্তভোগী সাধারণ জনগণ ও স্থানীয় সেবাপ্রার্থীরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, জনপ্রিয় জননেতা এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের আশু ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনা করে দ্রুত এই টয়লেটটি সংস্কার ও আধুনিকায়ন করে ব্যবহারের উপযোগী করা হবে।