শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:০৪, ২৩ মে ২০২৬ | আপডেট: ০০:১৭, ২৩ মে ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দরে র্যাব-১১ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১১৯ কেজি গাঁজা, ৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। শুক্রবার (২২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১ এর একটি আভিযানিক দল। এসময় ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ফতুল্লার শৈলকুড়া এলাকার শাহাবুদ্দিন (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর এলাকার সুমন মিয়া (৩৫)।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার বড় চালান সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
অন্যদিকে, একইদিন রাত ৯টার দিকে বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া পরিত্যক্ত মাদকদ্রব্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।