শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৫, ২৩ মে ২০২৬
বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলায় ডাকাত দলের আরো ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জস্থ মাইচ্ছাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে বিপ্লব (৩২) ও একই থানার পদুঘর এলাকার বরাত মিয়ার ছেলে শরীফ (৩৪)।
ধৃতদের শনিবার (২৩ মে) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩২(৫)২৬ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার (২২ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার (২০ মে) ভোরে বন্দর থানার শাহীমসজিদ এলাকায় ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, গত বুধবার ভোররাত তিনটার দিকে ৭/৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল বন্দরের শাহী মসজিদ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে।
এ সময় পুলিশ ধাওয়া করে গোলাম মোস্তফা ও মাসুম নামে ২ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে রামদা ও লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে পুলিশ গত শুক্রবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলায় ডাকাত দলের সদস্য বিপ্লব ও শরীফকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে উল্লেখিত মামলায় এদেরকে আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।