শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:১৮, ২৩ মে ২০২৬ | আপডেট: ২৩:১৮, ২৩ মে ২০২৬
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় আহত ফল ব্যবসায়ী রনি মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। শনিবার (২৩ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রনি মিয়া সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ থানার গিলাচরা গ্রামের আয়েত আলীর ছেলে।
সে উপজেলার তারাবো উত্তরপাড়ার দায়েন মোল্লার বাড়ির ভাড়াটিয়া বাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন। এর আগে বৃহস্পতিবার (২১ মে) সকালে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় পথিমধ্যে তারাবো উত্তরপাড়া মফিজুল ভুঁইয়ার বাড়ির সামনে এলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের হামলায় সে গুরুতর আহত হয়।
এ সময় হামলাকারীরা রাম দা, চাপাতি, ছুরি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রনি মিয়ার পথরোধ করে উপর্যপুরি কুপিয়ে তার ডান হাত, বাম হাত, মাথায় ও গলায় রক্তাক্ত জখম করে। এসময় রনি মিয়ার সঙ্গে থাকা ফল কেনার নগদ ৬০হাজার টাকা সন্ত্রাসীরা লুটে নেয়। একপর্যায়ে রনি মিয়ার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রনি মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর মোহাম্মদপুর প্রাইম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৩মে শনিবার দুপুরে রনি মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় রনির বড় বোন নাছরিন আক্তার বাদী হয়ে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২৩), সিয়াম (২৪), শরিফ মিয়া (৩০), সূর্য (১৯), জিসান মিয়া (২১), শ্রাবণ মিয়া (২৫) ও জয় আহমেদকে (২৯) নামীয় ও অজ্ঞাত ৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ফল ব্যবসায়ী রনি মিয়াকে হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।