শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২১, ২৪ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে বসতবাড়িতে পানির পাইপ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জ থানার উত্তর আজিবপুর কোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন (জিডি নং - ১২০৯)।
জিডি সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জে উত্তর আজিবপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আব্দুল রহমানের সঙ্গে একই এলাকার বাসিন্দা সালাউদ্দিন ওরফে সালু (৪০), জালাল উদ্দিন মনু (৩৫) ও সম্রাট (১৯)-এর পারিবারিক ও জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বিবাদীরা প্রায়ই আব্দুল রহমানকে বিভিন্ন ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন দুপুর ১২ টার দিকে আব্দুল রহমান তার বসতবাড়িতে জোরপূর্বক পানির পাইপ সংযোগের কাজ করছিলেন। এ সময় বিবাদীরা অন্যায়ভাবে কাজে বাধা দেয়।
আব্দুল রহমানের স্ত্রী ফুলবানু আক্তার ওরফে রাশিদা (৪৫) বাধা দেওয়ার কারণ জানতে চাইলে বিবাদীরা তার সঙ্গে চরম তর্কাতর্কিতে লিপ্ত হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে রাশিদাকে এলোপাতাড়ি মারধর করে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। শুধু তাই নয়, হামলাকারীরা বাড়িতে সংযোগকৃত বিভিন্ন ধরনের পানির পাইপ এলোপাতাড়ি ভাঙচুর করে আনুমানিক এক লাখ বিশ হাজার টাকার আর্থিক ক্ষতিসাধন করে।
রাশিদার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা ভুক্তভোগী পরিবারটিকে চরম হুমকি দিয়ে বলে, “যদি এই ঘটনার বিচার নিয়ে বেশি বাড়াবাড়ি করিস, তাহলে তোকেসহ তোর পরিবারের লোকজনদের মারপিট করাসহ খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিব।
“বর্তমানে বিবাদীদের এই প্রকাশ্য হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী আব্দুল রহমান ও তার পরিবার। যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় তারা দিন কাটাচ্ছেন। ভবিষ্যতে নিজেদের নিরাপত্তা এবং আইনি ব্যবস্থার স্বার্থে আব্দুল রহমান সিদ্ধিরগঞ্জ থানায় এই সাধারণ ডায়েরিটি দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, জিডি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।