শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৭, ৩ জুন ২০২৬ | আপডেট: ২৩:১২, ৩ জুন ২০২৬
রূপগঞ্জে চাঁদা না দেয়ায় বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সোহেল ভূইয়াসহ তার লোকজনের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীদের ব্যবসা প্রতিষ্ঠানও ভাংচুর করা হয় ।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার মাছুমাবাদ (মিঠাব) এলাকায় এ ঘটনা ঘটনা। এদিকে এ ঘটনার পর হামলাকারী সোহেল মিয়া আহত হয়েছেন বলে দাবি করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও তাকে আর বেডে পাওয়া যায়নি।
ভুক্তভোগী জুম্মন ভূঁইয়া জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূঁইয়া ও বড় ভাই সুমন ভূঁইয়ার কাছে একই এলাকার মৃত আব্দুল হাই ভূইয়ার ছেলে সোহেল ভূইয়াসহ তাদের লোকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাদার টাকা না দেয়ায় গত সোমবার রাত ১০টার দিকে সোহেল ভূঁইয়াসহ তুষার, সাদ্দাম, রোমানসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুম্মন ভুইয়াদের মুদি মনোহরি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর চালিয়ে লুটপাট করে। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূঁইয়াকে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় এবং জুম্মন ভুইয়া ও তার ভাই সুমন ভুইয়াকে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সোহেল ভুইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বাদল কুমার সাহা জানান, সোহেল ভূঁইয়া নামের এক রোগী ভর্তি হলেও ওই রোগী পালিয়ে যায়। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে।