নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

দুই কোটি টাকা চাঁদা দাবি করেছেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের

সিদ্ধিরগঞ্জে জমিতে গেলে পিস্তল দেখানোর অভিযোগ ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৯, ৩ জুন ২০২৬ | আপডেট: ২৩:০৬, ৩ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে জমিতে গেলে পিস্তল দেখানোর অভিযোগ ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জে ক্রয়কৃত জমিতে টিনের বেড়া ও নির্মাণ কাজ করতে গেলে বাধা প্রদান করে পিস্তল দেখানোর অভিযোগ করেছেন চৌরঙ্গী ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তারের বিরুদ্ধে ভুক্তবোগী ১১ জন জমির মালিক। অভিযুক্ত ওই ব্যাক্তি তাদের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেছেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের। বুধবার (৩ মে) বিকেল ৩ টায় সাইনবোর্ড সাহেবপাড়া মিতালি মার্কেট সংলগ্ন সিদ্ধিরগঞ্জ ট্রেড সেণ্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী জমির মালিক আবু ছায়েদ শিপনসহ ১১ জন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযুক্ত আব্দুস সাত্তারকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তার অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সাংবাদিক সম্মেলনে শিপন বলেন, মিতালি মার্কেট সংলগ্ন খর্দ্দঘোষপাড়া মৌজায় কয়েকটি দাগে ৮২ শাতাংশ ১৭ পয়েণ্ট জমি ক্রয় করেন ৬ জন মিলে। জমির চার পাশে টিনের বেড়া ও নির্মাণ কাজ শুরু করলে ২৭ মে বিকেলে ফতুল্লার ভুঁইগড়ের মৃত কাজী আব্দুস সামাদের ছেলে চৌরঙ্গী ফিলিং ষ্টেশনের মালিক কাজী আব্দুল সাত্তার বাধা দেন। তাকে দুই কোটি টাকা চাঁদা না দিয়ে নির্মাণ কাজ করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।  পাশাপাশি টিনের বেড়া ভেঙে নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যান।  

শিপন বলেন, সরকারি জমি লিজ নিয়ে আব্দুস সাত্তার সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং ষ্টেশন নির্মাণ করেন। সড়ক প্রশস্থকরণ কাজ করার সময় তার ফিলিং ষ্টেশনটি উচ্ছেদ করে দেওয়া হয়। তখন তিনি আমাদের জমিতে কিছুদিনের জন্য ফিলিং ষ্টেশনের মালামাল রাখার অনুরোধ করলে মানবিক বিবেচনায় অনুমতি দেই। কয়েকমাস গত হলে মালামাল সরাতে বললে তিনি বিভিন্ন তালবাহানা করে একপর্যায় জমির মালিক দাবি করে বসেন।

বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত তার মেয়ের জামাইকে দিয়ে আমাদের শায়েস্তা করার ভয় দেখায়। ২৭ মের ঘটনায় কাজী আব্দুস সাত্তারকে প্রধান করে ৭ জনের নাম উল্লেখ ও আজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখি অভিযোগ করেছি।

এক প্রশ্নের জবাবে শিপন বলেন, চৌরঙ্গী ফিলিং ষ্টেশনটি উচ্ছেদ করার পর থেকেই আব্দুুস সাত্তার আমাদের জমি কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে আসছেন। কিন্তু তিনি বর্তমান বাজার দরের চেয়ে অনেক কম দাম বলায় আমরা তার কাছে বিক্রি করতে রাজি হইনি। আমাদের জমির একাংশে দুবছর আগে মসজিদ নির্মাণ করার সময় তিনি বাধা ও হামলা করেছিলেন।

তখনও তার বিরুদ্ধে থানায় অভিযোগ করি। তখন জমির মালিকানা কাগজ নিয়ে থানা ও স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক বসা হলে তিনি কোন মালিকানা কাগজ দেখাতে পারেননি। পরে শান্তিপূর্ণভাবে মসজিদটি নির্মাণ করা হয়।

আব্দুস সাত্তারকে ভূমিদস্যু আখ্যায়িত করে শিপন বলেন, আমরা বার বার বলে আসছি, অপনি জমির মালিক হলে কাগজপত্র দেখান, যদি কাগজপত্র সঠিক হলে আপনার জমিতে আমরা যাবনা। কিন্তু তিনি কাগজ না দেখিয়ে মুখে মুখে মালিক দাবি করেন। 

সংবাদ সম্মেলনে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের বিরুদ্ধে একটি মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে ভূমিদস্যু সাত্তারের হিংস্র থাবা থেকে নিজেদের সম্পত্তি রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ভূমিমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মো. মেহেদী হাসান, শাহিন মিয়া, শাহনাজ পারভীন, আবু সায়েদ শিপনসহ ভুক্তভোগী জমির মালিকরা।

জানতে চাইলে অভিযুক্ত কাজী আব্দুল সাত্তার বলেন,  মিতালি মার্কেটের সব জমি আমাদের। এটাও আমার ক্রয় করা জমি। তারা জোর করে আমার জমি দখল করে নিতে চায়।আমার বিরুদ্ধে আনা জমি দখল ও চাঁদা দাবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। 

আব্দুস সাত্তার আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার বৈধ সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছিল। আর এখন রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবালকে ব্যবহার করে আমাকে হয়রানি করার পাঁয়তারা করছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন