শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২৬, ৩ জুন ২০২৬
ফতুল্লায় স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে ছেলে সালমান (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় ব্যবহৃত বটিটিও উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার (২ জুন) দিনগত গভীর রাতে ফতুল্লা ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স’ মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পিতা কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল (তরকারি) বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য কয়েকদিন ধরে বাবাকে চাপ দিচ্ছিলেন সালমান। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন।
এ নিয়ে মঙ্গলবার দিনগত রাতে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বঁটি দিয়ে তার বাবার ওপর হামলা চালান। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, মোবাইল ফোন ও আর্থিক বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে সালমান মাদকাসক্ত।