শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৪, ৫ জুন ২০২৬
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে তিনি সম্প্রতি একটি উঠান বৈঠক করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলার আসামি আক্তার হোসেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় তার পুনরায় নির্বাচনী তৎপরতায় জড়ানো নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর একটি অংশের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে আক্তার হোসেন এলাকায় প্রভাব বিস্তার করতেন। তারা অভিযোগ করেন, তার নেতৃত্বে স্থানীয়ভাবে বিভিন্ন অনিয়ম ও প্রভাব খাটানোর ঘটনা ঘটেছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ও তার সমর্থকেরা আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে আক্তার হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত উঠান বৈঠকে আক্তার হোসেন তার সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলার আসামি থাকা অবস্থায় আক্তার হোসেনের নির্বাচনী কার্যক্রমে সক্রিয় হওয়া স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে, যেগুলোর অনেকগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে।