শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০৭, ৮ জুন ২০২৬
রূপগঞ্জে ৯বছর বয়সী শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রাইভেট শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন ) বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় জনতার হাতে ধৃত ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর বসবাস করতেন। সেখানে তিনি পাশের একটি কক্ষে কয়েকজন শিশু কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়াতেন। সোমবার সকালে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে শিশু ছাত্রীটিও আরবি প্রাইভেট পড়ার জন্য সেখানে যায়।
এ সময় ওজু শিখানোর নাম করে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর শিশুটিকে বাথরুমে ডেকে নিয়ে যায়। বাথরুমে নিয়ে শিশুটির পরনের জামা ও সালোয়ার খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এঘটনায় শিশুটির মা বাদী হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত প্রাইভেট শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।