নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

“৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র আওতায়

নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৫, ৮ জুন ২০২৬

নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়নাধীন “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী, এলজিইডি, নারায়ণগঞ্জ সদর ইয়াসির আরাফাতের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর এ দূরদর্শী ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং একে দেশের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

বক্তারা বলেন, ব্যাপক বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমাতে সহায়তা করে, বায়ুদূষণ হ্রাস করে, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। পাশাপাশি মাটিক্ষয় রোধ, ছায়া প্রদান, ভূগর্ভস্থ পানির সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও বৃক্ষের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে জানানো হয় যে, আগামী ১৮০ দিনের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও এলজিইডি সমন্বিতভাবে কাজ শুরু করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, সড়কের পাশ এবং উন্মুক্ত স্থানে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।
অনুষ্ঠানের শেষে সকলকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন