নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়ন : অভিযুক্তকে গণপিটুনি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৬, ৮ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়ন : অভিযুক্তকে গণপিটুনি

সিদ্ধিরগঞ্জে কলেজে যাওয়ার পথে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোঃ রুবেল (৪০) নামের এক অটোরিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নাসিক ৭নং ওয়ার্ডের আদমজী এম ডব্লিউ কলেজের পেছনের গলিতে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত রুবেল বরিশালের বাকেরগঞ্জ থানার বেবাজ গ্রামের আসমত আলীর ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মুসলিম নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা খন্দকার রিয়াজ ইকবালের মেয়ে আদমজী এম ডব্লিউ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ আফিফা খন্দকার কলেজে যাচ্ছিলেন। তিনি কলেজের পিছনের গলিতে পৌঁছালে ওত পেতে থাকা অটোরিকশাচালক রুবেল তাকে লক্ষ্য করে বিভিন্ন কুরুচিপূর্ণ ও বাজে ইঙ্গিত করতে থাকে। 

একপর্যায়ে ওই ছাত্রীর পথরোধ করে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে রুবেলকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। 

নারীর নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর। আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন