শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৪, ৯ জুন ২০২৬ | আপডেট: ২১:১৮, ৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবদল ও ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন পটুয়াখালী জেলার দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে মাসুম বিল্লাহ (২৭), অপরজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মুক্তিরকান্দি গ্রামের নান্নু সরদারের ছেলে আব্দুল কাদির জিলানি (২৬)।
নিহত মাসুম বিল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকার বাসিন্দা ও স্থানীয় যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। অপরদিকে নিহত আব্দুল কাদির জিলানি বর্তমানে ফতুল্লার দেলপাড়া এলাকার বাসিন্দা এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে আনুমানিক সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি বাসস্ট্যান্ড থেকে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম বলেন, নিহত দুজন একটি মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেল ও সিটি করপোরেশনের বর্জ্যের ট্রাকটি একইদিকে যাচ্ছিলো। ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে। আবার কেউ বলছেন পাশাপাশি যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখনো নিশ্চিত নয়, বলেন তিনি।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন বলেন, মাসুম বিল্লাহ নিজের মোটরসাইকেল চালাচ্ছিলেন। ছাত্রদল নেতা জিলানী ছিলেন তার সঙ্গে। তারা দুজন দশপাইপ এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।
নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নিহত মাসুম বিল্লাহ ও জিলানী আমার ঘনিষ্ঠ ছিলেন। আমি এই পরিবারগুলোর পাশে থাকব। সিটি করপোরেশন থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।