নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে কর্মচারীকে চুরির অপবাদ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৯, ১০ জুন ২০২৬

বন্দরে কর্মচারীকে চুরির অপবাদ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বন্দরে এক ব্যবসায়ী কর্তৃক তার সাবেক কর্মচারীকে মিথ্যা চুরির অপবাদ, মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকিসহ জোরপূর্বক কাজ করাতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মচারী বাদী হয়ে  বুধবার ( ১০ জুন) দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শ্রীরামপুর গ্রামের মো: হালিম মিয়ার ছেলে মো: রবিউল ইসলাম (২৫) দীর্ঘ তিন বছর যাবৎ বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে অবস্থিত ‘ঢাকা পিভিসি ডোর’ নামক দোকানে বিশ্বস্ততার সাথে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বন্দর র‌্যালী আবাসিক এলাকায় বসবাস করছেন।

ভুক্তভোগী রবিউল ইসলামের অভিযোগ, দোকানের মালিক মো: শামীম ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে তাকে দিয়ে মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত ও অহেতুক কাজ করিয়ে আসছিলেন। এছাড়া নিয়মিত নামাজের সময় ছুটি না দেওয়া এবং প্রায়শই অহেতুক দুর্ব্যবহার করার কারণে অতিষ্ঠ হয়ে রবিউল ইসলাম গত রোজার ঈদের পর চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রতিষ্ঠানের নিয়ম মেনে তিনি মালিক পক্ষকে দুই মাসের ‘নোটিশ পিরিয়ড’ও প্রদান করেন।

নির্ধারিত দুই মাস অতিবাহিত হওয়ার পর দোকান মালিক শামীম ইসলাম তার কাছ থেকে মানবিক কারণে আরও এক মাস অতিরিক্ত সময় চেয়ে নেন। রবিউল ইসলাম সেই সময়টুকুও সততার সাথে কাজ সম্পন্ন করেন।

অভিযোগে উল্লেখ্য করা হয়, বর্তমানে রবিউল ইসলাম চূড়ান্তভাবে চাকরি ছেড়ে দিতে চাইলে বিবাদী শামীম ইসলাম তার ওপর ক্ষিপ্ত হন। রবিউলকে দোকানে জোরপূর্বক আটকে রেখে খাটিয়ে নেওয়ার উদ্দেশ্যে তিনি মিথ্যা চুরির অপবাদ দেওয়া শুরু করেন এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন।

এমনকি রবিউল যদি তার দোকানে কাজ না করেন, তবে এই এলাকার অন্য কোনো প্রতিষ্ঠানে তাকে চাকরি করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে।

সর্বশেষ গত সোমবার ( ৮ জুন)  বিকেল ৫টায় বিবাদী শামীম ইসলাম তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে রবিউলের মোবাইলে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সাথে তার ১ মাসের বকেয়া বেতন আটকে রেখে প্রাণনাশের চূড়ান্ত হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে ভুক্তভোগী শ্রমিক রবিউল বলেন,আমি নিয়ম মেনে চাকরি ছাড়তে চাওয়ায় আমাকে মিথ্যা চুরির অপবাদ দেওয়া হচ্ছে এবং আমার উপার্জিত বেতন আটকে রাখা হয়েছে।

এলাকায় আমাকে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।

এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন