নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় যুবক আটক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৩, ১০ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় যুবক আটক

সিদ্ধিরগঞ্জে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে হিমেল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার সাবেক এক কাউন্সিলরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত হিমেল ওই এলাকার সালাউদ্দিনের ছেলে। স্থানীয়দের দাবি, সে মাদকাসক্ত।

ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত হিমেল ও ভুক্তভোগীর পরিবার ওই বাড়ির পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকে। বিকেলে ওই শিশুটিকে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় হিমেল। এ সময় শিশুর চিৎকার শুনে মা দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন এবং কৌশলে হিমেলকে ঘরের ভেতর আটকে রেখে প্রতিবেশীদের খবর দেন।

খবর পেয়ে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে তথ্য পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতার তীব্র ক্ষোভের কারণে প্রথমে অভিযুক্তকে হেফাজতে নিতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় হিমেলকে আটক করে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ৯৯৯-এ খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচিয়ে অতিরিক্ত ফোর্সের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন