নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বেনজিরের ডুপ্লেক্স বাড়ির কেয়ারটেকার রতন বেতন পান না দুই বছর

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৬, ১৬ জুন ২০২৬

বেনজিরের ডুপ্লেক্স বাড়ির কেয়ারটেকার রতন বেতন পান না দুই বছর

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বাংলো। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সেই ডুপ্লেক্স বাড়ির কেয়ারটেকার রতন মিয়া দুই বছর ধরে বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এদিকে আদালত কতৃক বাড়িটি জব্দ থাকলেও ৬ মাস ধরে নেই সরকার পক্ষের কোন নিরাপত্তা কর্মী। ভয়ে ছাড়তে পারছেন না দায়িত্ব। বেতন নিয়েও রয়েছে সংশয়। তবুও এককালীন পারিশ্রমিক পাওয়ার স্বপ্ন নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি।

রতন মিয়া ময়মনসিংহের ত্রিশাল থানার হরিরামপুর গ্রামের খাইরুল বাশারের ছেলে। তার পরিবার পার্শ্ববর্তী গুতিয়াব এলাকায় বসবাস করেন।

জানা গেছে,প্রায় দেড় যুগ আগে কাজের সন্ধানে বাড়ি ছেড়ে ঢাকার উপকণ্ঠে রূপগঞ্জে চলে আসেন তিনি। দীর্ঘদিন উপজেলার বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় বছর চারেক আগে এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণকাল থেকে তিনি এখানে কাজে যোগ দেন।

বাড়িটি সম্পন্ন হলে ২০২২ সালের দিকে একপর্যায়ে তিনি ১৫ হাজার টাকা বেতনে কেয়ারটেকারের দায়িত্ব পান। এরই মধ্যে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের হিসাব গোপন ও অর্থপাচারের অভিযোগে মামলা হয়। 

২৬ মে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামের ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। সবমিলিয়ে ৬২৭ বিঘা জমি ক্রোক করা হয়েছে। এর ভেতর এ বাড়িটিও ছিল। ২০২৪ সালে আদালত কর্তৃক বাড়িটি ক্রোক হওয়ার পরে পুরোপুরি রাষ্ট্রের অধীনে চলে যায়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বাড়িটির সার্বিক দেখাশোনার দায়িত্ব নেন। তারপর থেকে বেশ কিছুদিন কেয়ারটেকার রতনের সাথে সরকারিভাবে বাড়িটি দেখভালের জন্য একজন নিরাপত্তাকর্মী দেওয়া হয়। বেশ কিছুদিন এভাবে চললেও চলতি বছরের জানুয়ারি মাস থেকে রিসিভার কর্তৃক পদত্ত নিরাপত্তা কর্মী দেওয়া বন্ধ রয়েছে।

বর্তমানে বিশাল আলিশান ডুপ্লেক্স বাড়িটি সরকারি হেফাজতেই রয়েছে। এদিকে দায়িত্ববোধ ও ভয়ের কারণে দীর্ঘদিন বেতন ভাতা না পেলেও এখান থেকে সরে যেতে পারছেন না বলে জানান রতন মিয়া। তাই অর্থাভাবে পরিবার নিয়ে তাকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

বেনজীরের ডুপ্লেক্স বাড়ির কেয়ারটেকার রতন মিয়া বলেন, প্রায় বছর চারেক আগে এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণকাল থেকে তিনি এখানে কাজে যোগ দেন। বাড়িটি সম্পন্ন হলে ২০২২ সালের দিকে একপর্যায়ে তিনি ১৫ হাজার টাকা বেতনে কেয়ারটেকারের দায়িত্ব পান। ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে তার বেতন আটকে যায়।

এরই মধ্যে ২৬ মে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামের সবমিলিয়ে ৬২৭ বিঘা জমি আদালত ক্রোক করা করে। এর ভেতর এ বাড়িটিও ছিল। সেই থেকে বেশ কিছুদিন আমার সাথে একজন সরকার পক্ষের নিরাপত্তা কর্মী ছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাস থেকে সরকারি ভাবে নিরাপত্তা কর্মী দেওয়া বন্ধ হয়ে যায়। এখন আমি একাই এ বাড়িটি দেখভাল করছি।

তিনি বলেন, দুই বছরের বেশি হলো আমি বেতন পাইনা। আমার একমাত্র ছেলে সহ আমাদের তিনজনের সংসার। ছেলেটা অষ্টম শ্রেণীতে পড়ে। আমার স্ত্রী বাড়িতে কুটির শিল্পের কাজ করে। সেই আয় দিয়েই আমাদের সংসার কোন মত চলে। তবে এ বাড়ির আঙিনায় কিছু সবজি ও ফলমূল বিক্রি থেকে আমার হাত খরচ আসে। পরিবার নিয়ে কষ্ট করে চললেও ভয়ে এ বাড়ি ছাড়তে পারছি না। 

কারণ মালিকের সম্পদ নিয়ে ঝামেলা হওয়ার পর এই বাড়িতে দুদকের লোকজন এসেছেন আমার ছবি আইডি কার্ড নিয়েছেন। এবং বিভিন্ন দলিল পত্রে আমার স্বাক্ষর নিয়েছেন। আমি চলে গেলে এ বাড়িতে যদি কোন ক্ষয় ক্ষতি হয়। এ ব্যাপারে যদি আমি কোন প্যাঁচে পড়ে যাই। সেই ভয় থেকে এই বাড়িটা ছেড়ে যাচ্ছি না। কোন একদিন আমার সকল পারিশ্রমিক একসাথে পাব এ আশায় বুক বেঁধেছি।

 এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন,এখানে যে বাংলা বাড়িটি রয়েছে সেটিতে আদালত থেকে আমাদের রিসিভার নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এটি আমরা দেখাশোনা করছি। কোর্ট তো আর টাকা দেয়নি কোর্ট বলেছে এটি ম্যানেজমেন্ট করেন। গ্রাম পুলিশ সদস্যরা এখানে দেখাশোনা করছে। 

ইউনিয়নে তার নিজস্ব কাজ করে বাইরে এসে এটা করছে। তাদের জন্য তো আমরা এক্সট্রা কোনো ফেসিলিটিস কিংবা স্যালারি দিতে পারছি না। আর মালিক পক্ষের কেয়ারটেকারের বিষয়টি তো আমাদের নয়। তারপরও কোর্ট যেভাবে বলেছে আমরা সেভাবে কাজ করছি।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন