নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪৪, ১৮ জুন ২০২৬

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আড়াইহাজার পৌর বাজারে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইম (২৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১৮ জুন) সকাল ১১ টায় এ ঘটনা ঘটেছে । নিহত নাইম ফতেপুর ইউনিয়নের বগাদী সিডি বাজার এলাকার হাজী আ. করিমের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, নিউ মার্কেট নামে ওই ভবনের ৫ম তলা ক্রয় করেন দক্ষিণপাড়া গ্রামের স্কুল শিক্ষক স্বপন সহ ১২ জন মালিক। তারা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান সিরাজ মেম্বারকে ওই ফোরের বিদ্যুতের কাজের ঠিকাদার নিয়োগ করেন। 

ঠিকাদারের লোক নিহত ইলেকট্রিক মিস্ত্রি নাইম কাজ করতে গিয়ে নিকটস্থ খূঁটি থেকে ওই ভবনের ষষ্ঠ তলায় সংযোগকৃত সার্ভিস ক্যাবলটি বিদ্যুৎ অফিসের অনুমতি না নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কথা বলার জন্য সিরাজ মেম্বার এবং স্বপন মাষ্টারের মুঠো ফোনে বার বার কল দেয়া সত্যেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) এটিএম মেজবাহউদ্দিন জানান, সার্ভিস ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অফিসে কোন আবেদন করা হয়নি এবং কোন ইলেট্রিশিয়ানকে কোন সার্ভিস ক্যাবল কাটার জন্য অফিস অনুমতি দিতে পারেনা।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, বিষয়টি থানা পুলিশকে জানানো হয়নি।  ঘটনার বিষয়ে পুলিশকে সংবাদ না দিয়ে তড়িঘড়ি করে লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে। তবে সংবাদ পাওয়ার পর নিহতের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন