শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫১, ১৯ জুন ২০২৬ | আপডেট: ২০:৫২, ১৯ জুন ২০২৬
রূপগঞ্জ ও আড়াইহাজারে গণপিটুনির শিকার ডিবি পুলিশ সদস্যসহ ছয় জনের বিরুদ্ধে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মামলার সূত্র ধরে গণপিটুনিতে আহত ডিবি পুলিশের তিন সদস্য এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবিরসহ কনস্টেবল আকাশ আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই ঢাকা ডিবি দক্ষিনে কর্মরত।
শুক্রবার (১৯ জুন) ভুক্তভোগী অমিত হাসান রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজার শান্তির বাজারে গণপিটুনির শিকার হন পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে তারা দাবি করেছিলেন আসামি গ্রেপ্তার করতে রূপগঞ্জের গাউছিয়া এসেছিলেন তারা।
ভূক্তভোগীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান নামে এক যুবক তার এক আত্মীয়ের সাথে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসলে কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে।
এসময় তিনি আত্মচিৎকার শুরু করলো স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে গাড়ীটির গতিরোধ করে এসআই মামুন, এএসআই আমানউল্লাহ, কনস্টেবল কবিরকে আটক করে গণধোলাই দেয়। এসময় প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায় আরো ৩ জন।
পরে উত্তেজিত জনতা আটকৃতদের একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে আসে। সেখানেও আবারও তাদেরকে গনধোলাই দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
পরে রাতে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে রাতেই পুলিশ অভিযান চালিয়ে এঘটনায় জড়িত আরেক পুলিশ কনস্টেবল আকাশকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বা না জানিয়ে এক জেলা থেকে অন্য জেলায় এসে এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে এবং ঘটনার সঠিক তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ আরো জানান।
অপর একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা এর আগেও অপহরনের নাটক সাজিয়ে অমিতের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁওয়ের জাকির হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মোটা অংকের টাকা মুক্তিপণ আদায়ের করেছিল।