শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:৫৮, ২০ জুন ২০২৬
নারায়ণগঞ্জে দিন দিন বাড়তে থাকা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপতৎপরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় সাধারণ মানুষ।
এসব সামাজিক ব্যাধি ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গতকাল শুক্রবার (১৯ জুন) বাদ জুম্মা এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটির যৌথ আয়োজন করে স্থানীয় আল-আমিন বাগ ও লালপুর বাজার পঞ্চায়েত কমিটি এবং পৌষার পুকুরপাড় লালপুর পঞ্চায়েত কমিটি।
শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লি ও সাধারণ মানুষ লালপুর এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশ নেওয়া শত শত মানুষ এলাকা থেকে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের গডফাদার ও সদস্যদের নির্মূল করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশ নেওয়া পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুরব্বিরা বলেন, “কিশোর গ্যাং ও মাদকের কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংসের মুখে। রাত-বিরাতে এলাকায় ছিনতাই ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা চলছে। আমরা আর ঘরে বসে থাকব না।
এখন থেকে এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা কিশোর গ্যাংয়ের সদস্যকে দেখা গেলে পঞ্চায়েত কমিটির উদ্যোগে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।” অপরাধ দমনে তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের কঠোর ভূমিকারও দাবি জানান।