নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

এবার এমপি মান্নানের ছেলে সজীবকে যুবদল থেকে বহিষ্কার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৩, ২১ জুন ২০২৬ | আপডেট: ১৩:১৮, ২২ জুন ২০২৬

এবার এমপি মান্নানের ছেলে সজীবকে যুবদল থেকে বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে এবার যুবদল থেকে বহিস্কার করা হয়েছে। সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন।

রোববার (২১ জুন) রাতে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়নগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতদের কোন অপকর্মের দায় দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এরআগে রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান।

তিনি বলেন, বিকাল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন