নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

পজেটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:৪৮, ২২ জুন ২০২৬

আড়াইহাজারে বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

আড়াইহাজারে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের ওপর সশস্ত্র ডাকাত দলের হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেওয়ার পাশাপাশি এক তরুণকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার গভীর রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও মানেহর এলাকায় আব্দুল মোতালেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ৭ থেকে ৮ জন মুখোশধারী ডাকাত বাড়ির কেচিগেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। 

পরে একতলা ভবনের একটি কক্ষের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। 

এ সময় পরিবারের একজন সদস্যের হাত বেঁধে ফেলে তারা।

ডাকাতরা আব্দুল মোতালেবের পরিবারের কাছ থেকে প্রায় এক ভরি স্বর্ণালংকার, নগদ ৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

একই বাড়ির পাশের ইউনিটে থাকা ভাড়াটিয়া মুশফিকের বাসা থেকেও দেড় ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।

ডাকাতির সময় বাড়ির মালিকের ছেলে তামিম (১৮) বাধা দিলে তাকে মারধর করা হয়। এতে তিনি আহত হন।

পরিবারের সদস্যরা জানায়, ডাকাতদের সবার পরনে কালো গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল। তারা স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হন। 

একই ঘটনায় পাশের একটি বাড়ি থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ ওঠে। 

ওই ঘটনার কয়েক দিনের মাথায় আবারও ডাকাতির ঘটনায় উপজেলাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন