শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৫, ২২ জুন ২০২৬
মানব পাচার মনুষ্যত্বের চরম অবমাননা। এ অপরাধ প্রতিরোধে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে অনেক মানুষ পাচারের বিভীষিকা থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অফিসের সহকারী প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী।
সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জের চাষাড়া একটি রেস্টুরেন্টে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে স্থানীয় হিন্দু ধর্মীয় নেতাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বাস্তবায়িত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
শ্যামল কুমার চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের কাছে ধর্মীয় নেতাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা অনেক বেশি। হিন্দু ধর্মীয় প্রতিনিধিরা যদি নিজ নিজ অবস্থান থেকে পূজা-পার্বণ ও ধর্মীয় উৎসবে আগত ভক্তদের মানব পাচার এবং অভিবাসী চোরাচালানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন, তাহলে অনেক মানুষ এ ধরনের অপরাধের শিকার হওয়া থেকে রক্ষা পাবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার দাস বলেন, ইউনিয়ন পর্যায়ের পূজা কমিটিগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ধর্মীয় নেতারা পাচারকারীদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর তথ্য সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, যাদের অর্থনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত, মূলত তারাই পাচারকারীদের টার্গেটে পরিণত হয়। তাই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করে সচেতন করার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। বিশেষ করে নারী পাচার প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ফর সেফ মাইগ্রেশন নারায়ণগঞ্জ অফিসের সেন্টার ম্যানেজার শর্মী আরা হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রক্ষিত ভট্টাচার্য। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসূচির টেকনিক্যাল এক্সপার্ট তৌহিদুর রশিদ।
এ সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সজীব কুমার পান্ডেসহ স্থানীয় বিভিন্ন মন্দিরের পুরোহিত, হিন্দু ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম উন্নয়ন সংস্থাগুলোর অন্যতম ব্র্যাক ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশে ও দেশের বাইরে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানব পাচার প্রতিরোধ, বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।