নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই ইটভাটাকে জরিমানা, বন্ধ ঘোষণা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৭, ২৩ জুন ২০২৬

বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুই ইটভাটাকে জরিমানা, বন্ধ ঘোষণা

বন্দরে বায়ুদূষণ রোধে পরিচালিত অভিযানে দুটি অবৈধ ইটভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার কেওঢালা এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবারের অধিদপ্তর জানায়, অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। এ সময় খান ব্রিকস ম্যানুফেকচারারকে ৭০ হাজার টাকা এবং মেসার্স আল্লাহ মহান ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর আরো জানায়, অবৈধ ইটভাটার ধোঁয়া ও নির্গমন বায়ুদূষণের অন্যতম কারণ। এ ধরনের কার্যক্রম পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই আইন অমান্য করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তার অংশ হিসেবে নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা বা পরিবেশদূষণকারী কোনো শিল্পপ্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন