নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিল দখলের পাঁয়াতারার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৭, ২৪ জুন ২০২৬ | আপডেট: ২২:৩৭, ২৪ জুন ২০২৬

নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিল দখলের পাঁয়াতারার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আদালতের নিষেধাজ্ঞা ও বিটিএমসি আদালতে শেয়ার বিক্রির পক্রিয়া অবৈধ বলে প্রতিবেদন দাখিলের পরও অধিকাংশ শেয়ারের মালিকানার দাবিদার নীট কনসার্ন গ্রুপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিল দখলে পাঁয়াতারা করছে বলে অভিযোগ উঠেছে।

শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে তাদের মালিকানা রক্ষা ও মিল দখলের ষড়যন্ত্র বন্ধে জেলা পরিষদ প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন মিলটির শেয়ারহোল্ডাররা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০০১ সালে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) সিদ্ধান্ত অনুযায়ী মিলটির মালিকানা ৫১০ জন স্থায়ী শ্রমিক-কর্মচারীর কাছে হস্তান্তর করা হয়। তবে পরবর্তীতে পরিচালনা পর্ষদের কিছু ব্যক্তি অনিয়মের মাধ্যমে অতিরিক্ত শেয়ার বণ্টন, সম্পদ আত্মসাৎ, বার্ষিক সাধারণ সভা (এজিএম) বন্ধ রাখা এবং প্রকৃত শেয়ারহোল্ডারদের অধিকার খর্ব করেছে।

সরকারি গেজেট ও মূল চুক্তি অনুযায়ী একজন শেয়ারহোল্ডার ব্যতিত বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকানার অংশীদার হওয়ার সুযোগ নেই। কিন্তু এসব বিধান অমান্য করে অবৈধ পরিচালনা পর্ষদের যোগসাজশে মিলটি দখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ শেয়ারহোল্ডারদের।

আবেদনে আরও বলা হয়, মালিকানা বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে হাইকোর্টে দায়ের করা কয়েকটি রিটের আদেশে বিতর্কিত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে নীট কনসার্ন গ্রুপ ও অবৈধ পর্ষদ বেআইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

চলমান এক মামলায় বিটিএমসি চেয়ারম্যান প্রতিবেদন দাখিল করে জানিয়েছে, সরকারের কোন অনুমোদন না নিয়েই ৫১০ জন শেয়ারহোল্ডাররের মধ্যে ৪৭৩ জন শেয়ারহোল্ডারের শেয়ার অবৈধভাবে বিক্রি করা হয়েছে যা সরকারের উদ্দেশ্যেকে নস্যাৎ করেছে।

শেয়ারহোল্ডারদের অভিযোগ, মিল এলাকার মূল্যবান সম্পদের বিক্রি করে দিয়ে মিলটি দখলে নিয়ে স্থানীয় সন্ত্রাসী ও প্রভাবশালী মহলের সহায়তায় তৎপর চালাচ্ছে। বর্তমানে শেয়ারহোল্ডার ও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চায় তারা।

শেয়ারহোল্ডার সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ইয়াকুব বলেন, আমরা শুধু চাই আদালতের নির্দেশনা মেনে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করা হোক এবং মিলের সম্পদ রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় ভূমিকা পালন করুক।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন