নারায়ণগঞ্জ  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

২২নং ওয়ার্ডে পাম্প বিকল, সুপেয় পানির তীব্র সংকট : দুর্ভোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:০২, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০১:০২, ২৭ জুন ২০২৬

২২নং ওয়ার্ডে পাম্প বিকল, সুপেয় পানির তীব্র সংকট : দুর্ভোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বন্দর অঞ্চলের ২২নং ওয়ার্ডে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় পানির পাম্পের বৈদ্যুতিক তার পুড়ে যাওয়ার কারণে পাম্পটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

দীর্ঘদিনের পুরোনো পাইপলাইন ও অপরিকল্পিত নগরায়ণের সমস্যার পাশাপাশি হঠাৎ পাম্পের ক্যাবল পুড়ে যাওয়ায় এই জনপদের হাজার হাজার মানুষ এখন বিশুদ্ধ পানির জন্য তীব্র হাহাকার করছেন। জরুরি ভিত্তিতে এই সমস্যার স্থায়ী সমাধান করা না হলে জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

হঠাৎ পাম্প বন্ধ হয়ে যাওয়ায় এবং ওয়াসের লাইনে নিয়মিত পানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রান্নাবান্না, অজু, ও গোসলসহ দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।

এ বিষয়ে এলাকার একজন ভুক্তভোগী বাসিন্দা অপু ক্ষোভ প্রকাশ করে জানান,আমরা নিয়মিত পানির বিল দিয়ে আসছি, অথচ এখন এক ফোঁটা বিশুদ্ধ পানি পাচ্ছি না। পাম্পের তার পুড়ে যাওয়ার পর থেকে আমাদের কষ্ট আরও কয়েক গুণ বেড়ে গেছে। 

বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে বা চড়া দামে পানি কিনে এনে কোনোমতে টিকে থাকতে হচ্ছে। আমরা এই নরকযন্ত্রণা থেকে দ্রুত মুক্তি চাই এবং অবিলম্বে পাম্পটি সচল করার দাবি জানাচ্ছি।

এলাকার একজন ভুক্তভোগী গৃহিণী রাবেয়া বলেন,পানি না থাকলে একটা সংসার চালানো কতটা কষ্টের, তা শুধু আমরা গৃহিণীরাই বুঝি। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, ঘরের রান্নাবান্না করার জন্য এক ফোঁটা পানি পাই না। 

কলস আর বালতি হাতে নিয়ে দূর-দূরান্ত থেকে পানি টেনে আনতে হচ্ছে, তাও পর্যাপ্ত নয়। চড়া দামে কেনা পানি দিয়ে তো আর গোসল বা কাপড় ধোয়া যায় না! ঘরের ছোট বাচ্চা আর বয়স্কদের নিয়ে আমরা চরম বিপদে আছি।

এ বিষয়ে ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া জানান,২২নং ওয়ার্ডের বাসিন্দারা বর্তমানে সুপেয় পানির যে দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক। এমনিতেই পুরোনো পাইপলাইনের কারণে সমস্যা ছিল, তার ওপর আবার পাম্পের তার পুড়ে গিয়ে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

এই তীব্র গরমে পানির অভাবে মানুষের ঘরে ঘরে হাহাকার চলছে। এই জনপদের মানুষের কষ্ট দূর করতে হলে সিটি কর্পোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। অবিলম্বে পুড়ে যাওয়া তার মেরামত করে পাম্পটি চালু এবং স্থায়ী সমাধানের জন্য আমি বর্তমান কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

অনুসন্ধানে জানা গেছে, এই পাম্পের বৈদ্যুতিক তারগুলো দীর্ঘদিনের পুরোনো। বারবার একই পুরোনো তার জোড়াতালি দিয়ে পাম্পটি সচল করার চেষ্টা করা হয়। যার কারণে মেরামতের কিছুদিন পরই আবারও পাম্পের তারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যদি পুরোনো তারের জোড়াতালি বন্ধ করে সম্পূর্ণ নতুন মানসম্মত ক্যাবল (তার) স্থাপন করে, তবেই এই পাম্পের যান্ত্রিক ত্রুটি স্থায়ীভাবে দূর করা সম্ভব।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ২২নং ওয়ার্ডের পানির পাম্পের তার পুড়ে যাওয়ার বিষয়টি তারা অবগত আছেন। যান্ত্রিক ও বৈদ্যুতিক ত্রুটির কারণে সাময়িকভাবে এই সংকট তৈরি হয়েছে। 

ইতিমধ্যে সেখানে টেকনিশিয়ান পাঠানো হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে নতুন ক্যাবল লাগিয়ে বা প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করে পাম্পটি সচল করার কাজ চলছে।

খুব দ্রুতই এই ওয়ার্ডে সুপেয় পানির সরবরাহ স্বাভাবিক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন