শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৩, ২৭ জুন ২০২৬
“মাদক থেকে দূরে থাকি, সুন্দর ও সুস্থ জীবন গড়ি” এবং “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে সনমান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, আতাউর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহিম, সনমান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল হক টিক্কা এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মুশফিকুর রহমান মোহন ও ফারুক।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের অপব্যবহার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে সাফির উদ্দিন মজনু বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।
তিনি বলেন, শুধু সরকারের ওপর নির্ভর করলে হবে না; প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিককে সচেতন হতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই তাদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। তবে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।
প্রধান বক্তা ওসি গোলাম সরোয়ার বলেন, মাদক নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী কিংবা মাদক-সংশ্লিষ্ট কোনো অপরাধীর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সোনারগাঁ গড়তে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।