শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৭, ২৯ জুন ২০২৬
সোনারগাঁয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা, ভোক্তা অধিকার লঙ্ঘন এবং যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংস ব্যবসায়ীসহ আটজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মূল্যতালিকা ছাড়া মাংস বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় মাংস ব্যবসায়ী মো. মান্নানকে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত না করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও মূল্যতালিকা টানিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভূমি কার্যালয় ও সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
একই দিন বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত আরেক অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দুটি যানবাহনকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, জনস্বার্থে বাজার তদারকি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।