শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১১, ৩ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:১২, ৩ জুলাই ২০২৬
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দোসর প্রতারক জগতের শিরোমনি মনির হোসেন বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কখনো ম্যাজিস্ট্রেট, কখনো সেনা অফিসার আবার কখনো সচিব পরিচয়ে অপকর্ম ও প্রতারণাই করাই তার কাজ।
প্রতারক মনির ঢাকায় বসবাস করলেও সম্প্রতি তার ছোট ভাই ফ্যাসিস্ট মফিজুল ইসলাম মজুকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তারের পর মনির হোসেন এলাকায় প্রকাশ্যে আসেন।
এরপর থেকে স্থানীয়রা নতুন কোনো ষড়যন্ত্র কিম্বা মনিরের প্রতারণার ফাঁদে পতিত হওয়ার আশংকায় দিনাতিপাত করছেন। সেই সাথে মজু গ্রেপ্তার হলেও প্রতারক মনির অধরা থাকায় পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে।
জানাগেছে, প্রতারক মনির হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৃত সাইজউদ্দিনের ছেলে। নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামিম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো. ইয়াসিন মিয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এ মনির হোসেন বিগত আওয়ামী সরকারের ১৭ বছর ছিলেন এলাকার মূর্তমান আতঙ্ক।
কখনো ম্যাজিস্ট্রেট, কখনো সেনা অফিসার আবার কখনো সচিব পরিচয় দিয়ে করতেন প্রতারণা। ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে একবার গ্রেপ্তার হয়ে বেশকিছুদিন জেল খেটেছেন তিনি।
এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারে সময় বিভিন্ন মন্ত্রীদের স্বাক্ষর জাল, জাল সার্টিফিকেট, ভুয়া দলিল তৈরি ও অন্যের জমিদখলসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দেশের পটপরিবর্তনের পর অপকর্মকারী আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও প্রতারক মনির হোসেন রয়েছেন সহিসালামতে। এতে এলাকায় সৃষ্টি হয়েছে ক্ষোভ ও তীব্র সমালোচনা।
মনির হোসেন ব্যাংকের পে-অর্ডার জালিয়াতি, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে করা একটি মামলায় ৬ মাস কারাভোগ করেন। জমি বিক্রির ভুয়া দলিল তৈরি ও প্রতারণা করে ৫০ লাখ টাকা আত্মসাৎ করার মামলার আসামি তিনি। জাল দলিলের মাধ্যমে আপন চাচার জমি আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, চাঁদপুরের কচুয়া থানার নিন্দাপুর এলাকার ইসহাক শিকদারের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়ে ফেরত দেয়নি। ওই টাকার পরিবর্তে সিদ্ধিরগঞ্জ মৌজায় ইসহাকের নামে জমি লিখে দেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা না দেওয়ায় ইসহাক শিকদার মনিরের নামে সিদ্ধিরগঞ্জ থানায় প্রতারণার মামলা করেন।
তখন সিদ্ধিরগঞ্জ থানার তৎকালিন ওসি সাইফুল ইসলামের কাছে নিজেকে সচিব পরিচয় দিয়ে মামলার তদন্ত স্থবির করে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। হিরাঝিল মক্কীনগর মাদ্রাসার জমি দখল করতে হামলা ভাঙচুরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারি চাকরি দেওয়ার কথা বলে বহু লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে এ প্রতারক।
স্থানীয়দের অভিযোগ, এত অপকর্ম ও আওয়ামী লীগের পতনের পর এ মনির হোসেন কী করে এলাকায় বীরদর্পে ঘুরে বেড়ায়। কিছুদিন আগে তার ছোট ভাই মফিজুল ইসলাম মজুকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অথচ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আওয়ামী লীগের দোসর মনির হোসেনের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নিচ্ছেন না।
বর্তমানে আওয়ামী লীগের দোসরদের সাথে গোপনে ঢাকায় বসে মিটিং করে সিদ্ধিরগঞ্জ এলাাকায় কিভাবে নাশকতা করা যায় সে পরিকল্পনাও করে আসছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. এমদাদুল হকের মোবাইলে ফোন দিলে তিনি বিষয়টি শুনে এই মুহুর্তে গুরুত্বপূর্ণ মিটিং এ আছেন বলে ফোনটি কেটে দেন।