শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪১, ৩ জুলাই ২০২৬
আড়াইহাজার উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে-রাতে বারবার বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষ যেমন দুর্ভোগে পড়ছেন, তেমনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চলমান এসএসসি পরীক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। অনেক এলাকায় দিনে ৮-১০ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকে না বলে জানা গেছে।
এদিকে চলমান এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মক সমস্যার মুখে পড়েছে। রাতে বিদ্যুৎ না থাকায় মোমবাতি বা চার্জ লাইটের আলোতে পড়তে হচ্ছে তাদের। এতে চোখের সমস্যা ও মানসিক চাপ বাড়ছে বলে জানিয়েছে অভিভাবকরা।
একজন পরীক্ষার্থী বলেন, “রাতে ঠিকমতো পড়তে পারি না। যখনই পড়তে বসি, তখনই বিদ্যুৎ চলে যায়। এতে প্রস্তুতি নিতে খুব কষ্ট হচ্ছে।”
অভিভাবকরাও এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, বিশেষ করে পরীক্ষার সময়টাতে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় গ্রিডে উৎপাদন ঘাটতির কারণে সাময়িক এই সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও তারা দাবি করেন।
তবে ভুক্তভোগীরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে, বিশেষ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হবে।