শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৪, ৪ জুলাই ২০২৬ | আপডেট: ২২:২৮, ৪ জুলাই ২০২৬
সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় মাদক দ্রব্য ক্রয় করতে গিয়ে তান্ডব ঘটিয়েছেন বিএনপি নেতার ছেলে। এ সময় রক্তক্ষয়ী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাৎক্ষনিক আহতদের মধ্যে আইলপাড়া এলাকার আমির হোসেনের ছেলে মাদক কারবারি নাদিম (৩৬) ও একই এলাকার আলী হোসেনের ছেলে পথচারী ইমন (৩৬) এর নাম জানা গেছে।
এদের মধ্যে ইমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে নাসিক ৬ নং ওয়ার্ডের আইলপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, সংঘর্ষের মূল হোতা হলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অকলি উদ্দনি ভূঁইয়ার ছেলে সম্রাট। বিএনপি নেতার ছেলের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিএনপি নেতা উকিল উদ্দিন ভূঁইয়ার ছেলে সম্রাট আইলপাড়া এলাকার আমির হোসেনের ছেলে নাদিমের (৩৬) কাছ থেকে মাদক কিনতে যায়।
১২০০ টাকা মূল্যের ওই মাদকের দাম সম্রাট ৪০০ টাকা কম দিতে চাইলে নাদিম তা মানতে অস্বীকৃতি জানায়। ৪০০ টাকা কমে মাদক বিক্রি করা সম্ভব নয় বলে নাদিম সাফ জানিয়ে দিলে, বিএনপি নেতার ছেলে সম্রাট ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দুজনের মাঝে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
এই ঘটনার কিছুক্ষণ পরই সম্রাট ২৫/৩০ জনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ফিরে আসে। তারা প্রথমে বিহারী ক্যাম্প এলাকায় প্রবেশ করে অপর এক মাদক বিক্রেতা চুন্নির ছেলে আল-আমিনকে জোরপূর্বক তুলে নিয়ে আসে।
আল-আমিনকে তুলে নিয়ে আইলপাড়া এলাকা অতিক্রম করার সময় নাদিমের বাহিনী বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় বিএনপি নেতার ছেলে সম্রাটের বাহিনী ও নাদিম গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষ বেধে যায়।
দুই গ্রুপের এই সশস্ত্র হামলায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় আইলপাড়া এলাকার আলী হোসেনের ছেলে পথচারী ইমন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সংঘর্ষের এক পর্যায়ে নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। তাদের বাঁচাতে এগিয়ে এলে দুপক্ষের আরও কয়েকজন আহত হন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “শুক্রবার রাতে মারামারির খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।