শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৩, ৬ জুলাই ২০২৬
সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থী কিশোরী (১৪) কে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৬ জুলাই) বিকেলে কিশোরীর মামা খন্দকার সোহাগ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরআগে ৫ জুলাই বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, পেরাব গ্রামের ওই কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। একই এলাকার লিটন মিয়ার ছেলে সাব্বির (৩০) বেশ কিছুদিন ধরে রাস্তাঘাটে কিশোরীকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সাব্বির ও তার বাবা লিটন মিয়া (৫০) এলাকায় মাদক সেবন, বিক্রি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তারা কিশোরীকে প্রতিনিয়ত ইভটিজিং ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিত।
গতকাল ৫ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কিশোরী নিজ বাড়ি থেকে বাইরে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সাথে অভিযুক্ত ১নং সাব্বিরও এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। পরিবারের ধারণা, অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের সহায়তায় সাব্বির পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পুলিশ কাজ করছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।