শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০৭, ৭ জুলাই ২০২৬
বন্দরে এক ভাড়াটিয়া বাসায় দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল ভাড়াটিয়ার ঘরের দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করে ৪টি ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, ২.৫ ভরি ওজনের ১টি স্বর্ণের গলার হার, ৮ আনা ওজনের ১ জোড়া কানের দুল ও একই স্থানে রক্ষিত নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও ৪ কার্টন বেনসন সিগারেটসহ সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ গৃহিনী তাসলিমা বেগম বাদী হয়ে গত সোমবার (৬ জুলাই) রাতে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৪(৭)২৬ ধারা- ৪৫৭/ ৩৮০ পেনাল কোড- ১৮৬০।
এর আগে গত শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা থেকে গত মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার এইচ এম সেন রোডস্থ আলম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ চুরি ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুক্তারপুরস্থ দেওয়ান বাজার এলাকার লিটন হোসেন ও তার স্ত্রী তাসলিমা বেগম বন্দর থানার এইচ এম সেন রোডস্থ আলম মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
গত বুধবার (১৭ জুন) মামলার বাদিনী স্বামী লিটন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পরলে মামলার বাদিনী তার স্বামীকে চিকিৎসা জন্য বন্দর ছায়া নূর ক্লিনিকে নিয়ে যায়। গত শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টায় হাসপাতাল থেকে বাসায় এসর চিকিৎসার টাকা নিয়ে ওই দিন দুপুর ২টায় পুনরায় হাসপাতালে চলে যায়।
পরবর্তীতে গত মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় বাসা এসে দেখতে পায় রুমের তালা নেই। অজ্ঞাত নামা চোরের দল গত ২৬ জুন দুপুর ১২টা হইতে ৩০ জুন সকাল ১০টার মধ্যে যে কোন সময়ে বাদিনী ভাড়াটিয়া রুমের তালা খুলে ভিতরে অনাধিকার প্রবেশ করে ৪টি আংটি, ১টি গলার হার, ১ জোড়া কানের দুল, নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও ৪ কার্টুন বেনসন সিগারেট সহ সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।