শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪৫, ১০ জুলাই ২০২৬
বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে সৌদি আরব প্রবাসী মো. সানজিবের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজুরবাগ এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে হামলার প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সৌদি আরব প্রবাসী মো. সানজিবের ওপর পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তারা হামলার ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন আনার, মারুফসহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, একজন রেমিট্যান্সযোদ্ধার ওপর নিজ এলাকায় এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সেলিম মাহমুদ, বিএনপি নেতা তাওলাদ মাহমুদ, মাকসুদ হোসেন, বিল্লাহ হোসেন, মিজান, জসিম উদ্দিন, পানা উল্লাহ্, বাতেন, মামুন, মো. মিজান, সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ।