শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:১৫, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:১৫, ১০ জুলাই ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন, রাজনৈতিক দলগুলোতে চাদাবাজ ও দূর্নীতিবাজরা জায়গা করে নিচ্ছে। সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলা না থাকায় ক্ষমতাসীন মহল প্রতিদিন চাঁদাবাজদের দল থেকে বহিস্কার করে কিন্তু চাঁদাবাজি সন্ত্রাস বন্ধ হচ্ছে না। কারণ তাদের মধ্যে কোনো সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলা নেই।
শুক্রবার (১০ জুলাই) বিকালে জেলার উদ্যোগে তারাবো পৌর অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ আবদুর রব বলেন, তাদের মধ্যে আদর্শ মানুষ গড়ার কোনো কর্মসূচি নেই। এর মোকাবিলায় জামায়াতে ইসলামী ইসলামের সুমহান আদর্শের আলোকে নিজেদের কর্মীদের গড়ে তুলছে। বাংলাদেশের মূল সমস্যা আদর্শিক ও নৈতিক নেতৃত্বের সংকট।
অন্যায়, অনাচার, দূর্নীতি, সন্ত্রাস, মাদক ও অসৎ সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি লাভ করতে পারেনি। দেশ, জাতি ও মানবতার কল্যাণে কর্মীদের নৈতিক আদর্শিক জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা তারবিয়াত সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমূখ।