নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আন্দিরপাড়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৪, ১০ জুলাই ২০২৬

আন্দিরপাড়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বন্দরে আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসী উদ্যাগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বাদ জুম্মা বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বন্দরের মদনপুর ইউনিয়নের মদনপুর, আন্দিরপাড়, কবরস্থান মহল্লা, আগার বাড়ি ও সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন, ডায়েরপাড়, ভিটাবাড়ী, শিকদার বাড়ী, বরাব ও বাইশটেকী এলাকাসহ বেশ কয়েকটি এলাকার লাখো মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মদনপুর টু বস্তল সড়কের অত্র আন্দিরপাড় অংশে আন্ডারপাস নির্মাণ অতিজরুরি।

নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজ, ডাফোডিলস ক্যাডেট মাদ্রাসা ও চেঙ্গাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের চলাচলকে নিরাপদ করতে এবং মদনপুর কবরস্থান মসজিদ ও মাদ্রাসায় চলাচলে বিশেষ করে জনস্বার্থে ও নিরাপত্তার স্বার্থে এখানে আন্ডারপাসের বিকল্প নেই।

আন্দিরপাড়ে একটি গাড়িকে রাস্তার অপর প্রান্তে যেতে চাইলে প্রায় দেড় কিলোমিটার দূরে ললাটি স্ট্যান্ড দিয়ে ইউটার্ণ করে ঘুরে আসতে হবে, এতে করে জনদুর্ভোগ বাড়বে ও ভাড়াও বেড়ে যাবে। তাই অনতিবিলম্বে এখানে আন্ডারপাস নির্মাণ করা হউক, অন্যথায় আমরা সামনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

ওই সময় আন্ডারপাস নির্মাণে নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি এড. আবুল কালাম ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন|

সোহেল আহম্মেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মদনপুর ইউপি’র ১নং ওয়ার্ডের মেম্বার শাকিল পারভেজ রনি, সমাজসেবক মোঃ নাসির, তানভীর নূর, আঃ কাইয়ুম, মিনহাজ ভূঁইয়া, তাজুল ইসলাম খোকন, আঃ ওহাব, নূরে আলম বুলবুল প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সেবক  ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, আলতাফ হোসেন,  নূর মোহাম্মদ খান, সিরাজ উদ্দিন, আমজাদ হোসেন, মাজহারুল ইসলাম, সুমন আহম্মেদ, সজীব, আতাউর রহমানসহ স্থানীয় এলাকাবাসী।   

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন