শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৮, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ২২:০৯, ১২ জুলাই ২০২৬
বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক ও মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন ভূইয়ার বড় ছেলে আজমাইন আরাফ (১২) মারাত্মকভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) হঠাৎ করেই তীব্র জ্বরে আক্রান্ত হয় শিশু আরাফ। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ‘বন্দর হেলথ কেয়ার’-এ নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. স্বপন আজমাইন আরাফের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে দ্রুত কোনো সরকারি হাসপাতালে নিয়ে ডেঙ্গু পরীক্ষা (এনএস১) করানোর পরামর্শ দেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষার দুদিন পর শনিবার আরাফের ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আর সময় নষ্ট না করে তাকে দ্রুত ঢাকার কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার বিশেষ চিকিৎসা চলছে।
ছেলের আকস্মিক এই গুরুতর অসুস্থতায় ভেঙে পড়েছেন বাবা আনোয়ার হোসেন ভূইয়া ও তার পরিবার।
তিনি অত্যন্ত আবেগপ্লুত কণ্ঠে বলেন, সন্তানের এই অসুস্থতায় বাবা হিসেবে আমি অত্যন্ত চিন্তিত। আল্লাহর রহমত ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। তিনি তার বড় ছেলে আজমাইন আরাফের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বন্দরবাসীসহ সকল স্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।
এদিকে জামায়াত নেতার ছেলের অসুস্থতার খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার খোঁজখবর নিচ্ছেন এবং শিশু আরাফের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন।