নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সজিবকে বিতর্কিত করতে একটি প্রভাবশালী মহলের গভীর ষড়যন্ত্রের অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৪, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:০৭, ১২ জুলাই ২০২৬

সজিবকে বিতর্কিত করতে একটি প্রভাবশালী মহলের গভীর ষড়যন্ত্রের অভিযোগ

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবকে বিতর্কিত করতে একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তার সমর্থক ও নেতাকর্মীরা।

‎‎তাদের দাবি, এমপি আজহারুল ইসলাম মান্নানের দীর্ঘদিনের রাজনৈতিক জনপ্রিয়তা এবং জেলা যুবদলে খায়রুল ইসলাম সজিবের সাংগঠনিক অবস্থানকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

‎‎জানা যায়, গত ২০ জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে খায়রুল ইসলাম সজিবকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরদিন ২১ জুন রাতে ডিবি জানায়, তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

‎‎এ ঘটনার পর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের স্বার্থে খায়রুল ইসলাম সজিবকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদসহ দলীয় সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়।

‎‎গত বুধবার (৮ জুলাই) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এক সাংবাদিক সম্মেলনে বলেন, “খায়রুল ইসলাম সজিবের বিরুদ্ধে দলীয়ভাবে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে এবং আবেদন করলে দল বিষয়টি পুনর্বিবেচনা করবে।”

‎‎তিনি আরও বলেন, “কেউ এমপি-পুত্র হোক বা অন্য যে-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন মনে করলে জিজ্ঞাসাবাদ করতে পারে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

‎‎একই সাংবাদিক সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, “অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই তদন্তের স্বার্থে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

‎‎অন্যদিকে, সজিবের সমর্থক ও নেতাকর্মীদের ভাষ্য, তদন্ত শেষ হওয়ার আগেই তাকে ঘিরে বিভিন্ন অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ‎‎‎তাদের দাবি, তদন্তে প্রকৃত সত্য উদঘাটিত হলে সব ষড়যন্ত্রের জবাব মিলবে এবং সজিবের বিরুদ্ধে আনা অভিযোগের বাস্তবতা স্পষ্ট হবে।

‎‎উল্লেখ্য, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে গত ২০ জুন খায়রুল ইসলাম সজিবকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়। একই সময়ে দলীয় সিদ্ধান্তে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে বিষয়টি যুবদলের অভ্যন্তরীণ তদন্তাধীন রয়েছে।
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন