শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৯, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৫০, ১৩ জুলাই ২০২৬
সোনারগাঁয়ে চলমান নদী খনন কাজে বাধা সৃষ্টি, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৩ জুলাই) বিকেলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. মাহবুব হোসাইন জানান, চাকদা ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি হিসেবে অভিযোগটি দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বৈদ্যেরবাজার থেকে বারদী বাজার পর্যন্ত নদী খনন কর্মসূচি চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় সোনারগাঁ উপজেলার খাঁমারগাঁও এলাকায় কাজ চলাকালে সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে শিপন, মনির ও গাফ্ফারসহ অজ্ঞাত আরও ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ড্রেজিং কার্যক্রমে বাধা সৃষ্টি করেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা জোরপূর্বক চাঁদা দাবি করেন এবং দাবি অনুযায়ী টাকা না দিলে ড্রেজারে অগ্নিসংযোগ, গুম ও হত্যার হুমকি দেন। এতে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।