শিরোনাম:
মোঃ শফিকুল ইসলাম
প্রকাশ: ২২:১৫, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:১৪, ১৩ জুলাই ২০২৬
চলমান কয়েকদিনের টানা বৃষ্টিতে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এখানকার বিভিন্ন সড়ক, অলিগলি, খেলার মাঠ ও নিচু এলাকায়ও জমেছে পানি। একদিকে জলাবদ্ধতায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে সেই জমে থাকা পানিই যেন শিশু-কিশোরদের কাছে হয়ে উঠেছে এক টুকরো আনন্দের জগৎ।
দৌড়-ঝাঁপ, লাফা -লাফি, হইহুল্লোড় আর আনন্দ উচ্ছ্বাসে মেতেছে শিশু-কিশোররা।তারা বই-খাতা আর মোবাইল ফোনের ব্যস্ততা ভুলে দল বেঁধে নেমে পড়ছে পানিতে। কেউ সাঁতার কাটছে, কেউ পানিতে ঝাঁপিয়ে পড়ছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়, সাঁতার ও জলকেলিতে মেতে উঠেছে।
সরেজমিনে উপজেলার ভূলতা, গোলাকান্দাইল, তারাব, কর্ণগোপ,কাঞ্চন, ভুলতা গাউছিয়া, কায়েতপাড়া ও রূপসী এলাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন জায়গায় পানি জমে থাকা স্থানগুলো যেন শিশুদের অস্থায়ী সুইমিংপুলে পরিণত হয়েছে। কেউ পানিতে ঝাঁপ দিচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে সাঁতার কাটছে, আবার কেউ ফুটবল নিয়ে পানির মধ্যেই খেলায় ব্যস্ত। চারদিকে তাদের হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে মুখর হয়ে উঠছে পরিবেশ।
কর্ণগোপ এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর একটি শিক্ষার্থী গ্রুপ বৃষ্টিতে জমা পানিতে সাঁতার কাটা,হইহুল্লোড় ও জলকেলিতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছিল। সেখানে, জোনায়িদ, মুকাদ্দিস, শিমলা, নাবিলা ও ইরফানের সাথে তাহলে তারা বলেন, ছুটির পর স্কুল থেকে এসেই আমরা এখানে গোসল করতে নেমেছি। বৃষ্টিতে জমা পানিতে সাঁতার কাটছি, লাফ দিচ্ছি আর জলকেলি খেলছি। খুব মজা করছি।
তেৎলাব এলাকায় জমা পানিতে ফুটবল খেলছিল একদল কিশোর। সেখানে রিয়াদ হোসেন নামে একজনের সাথে কথা হলে তিনি বলেন,সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না। বৃষ্টি হলে পানি জমে, তখন সবাই মিলে গোসল করতে নেমে পড়ি। অনেক মজা লাগে।বৃষ্টি হলেই আমরা বন্ধুদের ফোন দিই। সবাই একসঙ্গে নেমে সাঁতার কাটি, খেলাধুলা করি। এই আনন্দ অন্য সময় পাওয়া যায় না।
অভিভাবক শাহাবুদ্দিন মিয়া বলেন,এই আনন্দের মধ্যেও রয়েছে শঙ্কার বিষয়।কোথাও কোথাও খোলা ম্যানহোল, ড্রেন বা গভীর গর্ত থাকলে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই শিশুদের প্রতি অভিভাবকদের বাড়তি নজরদারি জরুরি। কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার সমাধান,খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশনে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম বলেন,প্রযুক্তিনির্ভর এই সময়ে শিশুদের স্বাভাবিক খেলাধুলার সুযোগ দিন দিন কমে যাচ্ছে। এমন বাস্তবতায় প্রকৃতির সঙ্গে মিশে কিছুটা সময় কাটানো তাদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে সেটি অবশ্যই নিরাপদ পরিবেশে এবং বড়দের তত্ত্বাবধানে হওয়া উচিত।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বাদল কুমার সাহা বলেন,দীর্ঘ সময় অপরিষ্কার বা জলাবদ্ধ পানিতে গোসল করলে চর্মরোগ, চোখের সংক্রমণ, ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই শিশুদের পরিষ্কার পানিতে গোসল করানো উচিৎ। এমন হলে বাসায় ফিরলে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে গোসল করাতে হবে।