শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২:০৫, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:১২, ১৪ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসার খাটের উপর পড়েছিলে সাদিয়া আক্তার (২৩) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মরদেহের মুখের বাম পাশে রক্ত জমাট বাঁধা অবস্থায় রয়েছে।
এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করলেও ওই নারী শ্রমিকের স্বামী ও ৬ বছর বয়সী শিশুকন্যা ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন৷ বাড়ির মালিক নিহতের পরিচয় শনাক্তের জন্য জাতীয় পরিচয় পত্র দিলেও স্বামীর কোনো তথ্য বা জাতীয় পরিচয় পত্র দিতে পারেন নি। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন সাদিয়া আক্তারের সাথে থাকা ব্যাক্তি তার পকৃত স্বামী নহে, ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক।
এরআগে সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নাসিক ১ নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকার শাহজাহান মাস্টারের টিনশেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া আক্তার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন।
জানাগেছে, ১ জুলাই সাদিয়া আক্তার স্বামী পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তিকে নিয়ে ওই বাসা ভাড়া নেন। এসময় তাদের সাথে নিজ সন্তান পরিচয়ে ৬ বছর বয়সী একটি মেয়ে ছিলো।
বাসা ভাড়া নেয়ার সময় নিহত সাদিয়া বাড়ির মালিকের কাছে নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও ওই ব্যক্তি পরিচয়পত্র পরে দেবেন বলে জানান। সোমবার রাতে বাড়ির মালিক সাদিয়ার কক্ষের খাটের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।
ওসি এমদাদুল হক জানান, এটি রহস্যজনক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। নিখোঁজদের নাম পরিচয় শনাক্ত ও তাদের সন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।