শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:৪৯, ১৪ জুলাই ২০২৬
শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়েছে। এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অভিযানে ৫টি যানবাহন থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে উচ্চ শব্দ সৃষ্টিকারী ৫টি হর্ণও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জুন) জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে সদর উপজেলার লিংক রোডে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি যৌথ টিম অংশ নেয়। এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করে স্থানীয়রা জানান, হাইড্রোলিক হর্ণ ও অতিরিক্ত শব্দের কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য রক্ষা এবং শব্দ দূষণ কমাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি শব্দ দূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।