নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫১, ১৪ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের সখিপুর উপজেলার মৃধাকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং সোনারগাঁ উপজেলার নানাখী এলাকার বাসিন্দা আবিদ মাহমুদ আকাশ (২৯)।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ছোট সাদিপুর এলাকার পানাম ফুড পার্কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমানের কাছে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। 

গত ১৩ জুলাই রাত পৌনে ৯টার দিকে তারা আতাউর রহমানকে পানাম ফুড পার্কে ডেকে নেন। সেখানে নিজেদের ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন।

অভিযুক্তরা চেয়ারম্যান প্রার্থীকে ‘দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু’ আখ্যা দিয়ে ডিজিএফআই সদর দপ্তরে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার হুমকি দেন এবং এর বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে আতাউর রহমান তাৎক্ষণিকভাবে সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোনো গোয়েন্দা সংস্থার সদস্য নন বলে স্বীকার করেন এবং নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ভুয়া পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে পাঠানো হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন