শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৫, ১৫ জুলাই ২০২৬
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে ২২ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি রায়হান বেপারীকে (৩০) কুপিয়ে জখম করার মামলার এজাহারভূক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার র্কোটপাড়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে কেটু নাসির (৫২) ও একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২২)।
গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বন্দর থানার র্কোটপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বুধবার (১৫ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত শনিবার (১১ জুলাই) রাতে বন্দর থানার রাজবাড়ি বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত রোববার (১২ জুলাই) রাতে আহত রায়হান বেপারী মা রাবেয়া বেগম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬(৭)২৬।
মামলার আসামীরা হলো, বন্দর থানার রাজবাড়ি বালুর মাঠ এলাকার জালুর ছেলে যুবলীগ নেতা সায়েম, তারেক(২৫) নাইম(২৩), শামীম(২২) , আমিন(২২) মুন্না(২৬) কেটু নাসির(৫০), সাব্বির( ২৬) , সাইদুর(২৩), পারভেজকে(৩০) আসামী করা হয়।
আহত রায়হানের মা রাবেয়া বেগম জানান, তার ছেলে রায়হান বেপারি ২২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি। যুবলীগ নেতা সায়েম গংয়ের সাথে তার পূর্ব বিরোধ ছিল। শনিবার রাত ১১ টার দিকে রায়হানের সাথে সায়েম গংয়ের রাস্তায় দেখা হলে তারা ধারালো অস্ত্র নিয়ে রায়হানের ওপর হামলা চালায়।
এ সময় তারা রায়হানকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাতে আহত করে এবং পিস্তল দিয়ে পিঠে একাধিক গুলি করে। এ সময় পরিবারের সদস্যরা রায়হানকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ মামলার এজাহাভূক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।