শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:১০, ২০ জুলাই ২০২৬
সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলী আজগর (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই রাতে স্থানীয় হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থী প্রতিবেশী আলী আজগরের ফ্ল্যাটে টেলিভিশন দেখতে যায়। ওই সময় ঘর ফাঁকা থাকার সুযোগে আজগর তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার এক সপ্তাহ পর রোববার সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশুটি প্রথমে ধর্ষণের দাবি করলেও পরবর্তীতে ধর্ষণের চেষ্টার কথা জানায়।
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় ভিন্ন গুঞ্জনও তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দিতে গত ১৮ জুলাই রাতে স্থানীয় একটি ক্লাবে অভিযুক্ত আলী আজগরকে ডেকে নিয়ে মারধর করা হয় এবং মীমাংসার কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় পুলিশে খবর দেওয়া হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযুক্ত আলী আজগরকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় মামলার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।