শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:১৩, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৩৩, ২৪ জুলাই ২০২৬
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বেপরোয়া যানবাহনের বলি হলেন বন্দর শিশুবাগ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ করিমুন নেছা। গত ২ মে স্টেডিয়ামের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
অকাল এই প্রাণহানির প্রতিবাদ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন ফতুল্লা ষ্টেডিয়াম এলাকায় সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে ফতুল্লা ষ্টেডিয়ামের সামনে এ মানববন্ধনে অংশ নেন তারা। এর মূলবার্তা ছিল একটাই আর কোনো প্রাণ যেন সড়কে না ঝরে, ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই মানববেষ্টনীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, শিক্ষক মোহাম্মদ আবুল হাশেম, রফিকুল ইসলাম, হাফেজ মোহাম্মদ রাসেল ও হাফেজ ইমতিয়াজ। এছাড়াো উপস্থিত ছিলেন কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম সংলগ্ন এলাকাটি দিন দিন পথচারীদের জন্য মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করলেও এখানে পথচারীদের নিরাপদ পারাপারের কার্যকর কোনো ব্যবস্থা নেই। একজন অভিজ্ঞ ও পরম শ্রদ্ধেয় শিক্ষকের এমন বিদায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তরা করিমুন নেছার মৃত্যুর জন্য দায়ী ঘাতক চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। লিংক রোডের স্টেডিয়াম ও জনবহুল এলাকায় পর্যাপ্ত স্পিড ব্রেকার, গতিরোধক সংকেত এবং পথচারী পারাপারের নিরাপদ ব্যবস্থা (জেব্রা ক্রসিং/ওভারব্রিজ) স্থাপন করা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে নিয়মিত ট্রাফিক নজরদারি জোরদার করার দাবী জানান।