নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৭, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:১৮, ২৪ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্য মাসুদ মিয়া (২৮) ও রাহুল (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে রাহুল নিষিদ্ধ সংগঠন ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।  

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাদানীনগরের নিমাইকাশাড়ি এলাকা থেকে সমাবেশের নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত মাসুদ মিয়া এবং একই দিন রাতে বাগমারা এলাকা থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তী সময়ে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের তথ্যের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকায় নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন