নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

গোগনগর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০২, ২৬ জুলাই ২০২৬

গোগনগর ইউনিয়নকে নাসিকে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ‎‎রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি প্রদান করেন।

‎‎স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়নটি ভৌগোলিকভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অত্যন্ত নিকটবর্তী। শিল্পায়ন ও নগরায়ণের ফলে ইউনিয়নটিতে সিমেন্ট কারখানা, গার্মেন্টস, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বহুতল ভবনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষিজমির পরিমাণ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এবং ইউনিয়নটি কার্যত একটি নগর এলাকায় রূপ নিয়েছে।

‎এতে আরও বলা হয়, জনসংখ্যা বৃদ্ধি এবং নাগরিক সুবিধার চাহিদা বিবেচনায় গোগনগর ইউনিয়নে পরিকল্পিত সড়ক উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহসহ টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়নটিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করা জরুরি। এছাড়া ইতোমধ্যে নাসিকের সঙ্গে যুক্ত হওয়া অন্যান্য ইউনিয়নের তুলনায় গোগনগর ইউনিয়ন সিটি কর্পোরেশনের প্রশাসনিক ভবন থেকে মাত্র প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

‎‎স্মারকলিপিতে গোগনগর ইউনিয়নের পুরো এলাকাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।

‎‎এ সময় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মোতালিব, ক্রীড়াবিদ এস এম শেখ অলি উল্লাহ, সাবেক ব্যাংকার সেলিম রেজা, গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন শিকদার, সমাজসেবক মো. কবির হোসেন, গোগনগর ইউনিয়ন জাসাসের সভাপতি আব্দুল লতিফ শিকদার, সাধারণ সম্পাদক ইয়ার হোসেন, সমাজসেবক আ. মোতালিব, মোক্তার হোসেন খান, মামুনসহ গোগনগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন