শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:১৬, ১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৭, ১ আগস্ট ২০২৬
প্রয়োজনীয় লাইসেন্স ও আইনগত শর্ত পূরণ না করে হাসপাতাল পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে দুটি হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) রুম সিলগালা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত, সোনারগাঁ থানার এসআই শফিউদ্দিন এবং পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত শর্ত পূরণ করা হয়নি। এ কারণে হাসপাতালটির ওটি রুম সিলগালা করা হয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই অভিযানে রয়েল স্পেশালিস্ট হাসপাতালের প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বাস্থ্য ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই আইন অনুযায়ী পরিচালিত হতে হবে।
প্রয়োজনীয় অনুমোদন ও মানদণ্ড না মেনে কোনো হাসপাতাল বা ক্লিনিক পরিচালনার সুযোগ নেই। অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।